বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আবারও আন্তর্জাতিক মঞ্চে বড় অর্জন ছিনিয়ে নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি আইসিসির মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
আইসিসির ঘোষণায় জানানো হয়, মাসসেরার দৌড়ে মুশফিক পেছনে ফেলেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো আইসিসি মাসসেরা হওয়ার অর্জন। এর আগে ২০২১ সালের মে মাসেও তিনি একই সম্মান অর্জন করেছিলেন।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিক ছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। দুই টেস্টে তিনি ৬৩.২৫ গড়ে মোট ২৩৫ রান করেন এবং সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন।
ঢাকা টেস্টে চাপের মুহূর্তে তার ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে। আর সিলেট টেস্টে ১৩৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
২০০৫ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার ৩৯ বছর বয়সেও যে দলের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ, তা আবারও প্রমাণ করলেন পাকিস্তান সিরিজে।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, আইসিসির এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পাওয়া তাকে আরও অনুপ্রাণিত করবে।
তিনি সতীর্থ তাইজুল ইসলামের ভূমিকাও প্রশংসা করে বলেন, পুরো সিরিজ জয়ে দলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি ছিল। এই জয় বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন।
নারী বিভাগের মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের লরেন বেল। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি গুল ফিরোজা ও ম্যাডি গ্রিনকে পেছনে ফেলেন।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স