গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা: আহত অন্তত ১৫, তিনজনের অবস্থা সংকটাপন্ন

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ জুলাই ২০২৬, ০৮:৩১ রাত
  • ১৩৭৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। আহতদের মধ্যে ছুরিকাঘাতে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জামায়াত।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলবাজিকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলে, সমবেত নেতাকর্মী ও ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

তার দাবি, হামলায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাও অংশ নেন। তিনি আরও অভিযোগ করেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রনজু, মামুন কমিশনার, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ডালিম, মনা, আওয়ামী লীগ নেতা হানিফ, মালেক ও জুয়েলসহ শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র, ছুরি, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে হামলায় অংশ নেন।

তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হোসেন জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad