গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। একইসঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
শনিবার (১১ জুলাই) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তারা।
এবারের সামার-২০২৬ টার্মে বিশ্ববিদ্যালয়ে মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে স্নাতক (বিএস) পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর (এমএস) পর্যায়ে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জন রয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা। পরে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন ও গবেষণা কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপাচার্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন। পরে সংসদ সদস্য ও জেলা প্রশাসক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জানান, টাইমস হায়ার এডুকেশন (THE) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জনের পাশাপাশি এসডিজি-১ সূচকে বিশ্বের ৮২তম, এসডিজি-২-এ ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১–২০০-এর মধ্যে অবস্থান করেছে।
তিনি আরও বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৬-এ ‘অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর’ ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে গাকৃবি। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
উপাচার্য জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর ছয়টি উন্নত জাত উদ্ভাবনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ৯৭টি উচ্চফলনশীল ফসলের জাত এবং ২০টির বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের উদ্ভাবন, গবেষণা ও নেতৃত্বের সক্ষমতা অর্জন করতে হবে। তিনি বলেন, সরকার ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ বাস্তবায়নে কাজ করছে, যাতে মেধাবীরা দেশে থেকেই বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনে ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে হার্ভার্ড, ক্যামব্রিজ ও এমআইটির আদলে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। বক্তব্য শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী।
ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রথম দর্পণ,ডেস্ক