জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যাদের আজ ফার্মের মুরগি বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী হয়েছেন।’ তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের সঙ্গে অসংবেদনশীল আচরণ করা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাকে পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হচ্ছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জেলা এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা’ উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’। তিনি বলেন, শিক্ষামন্ত্রী বারবার নকলমুক্ত পরীক্ষার কথা বললেও ২০২৬ সালের পরীক্ষার্থীরা বাস্তবতা দিয়ে তার বক্তব্যের জবাব দিচ্ছে। বন্যাকবলিত এলাকায় হাঁটু কিংবা বুকসমান পানির মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, একটি পরীক্ষার প্রশ্নপত্রে দুটি সৃজনশীল প্রশ্নে ভুল ছিল। পরীক্ষাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা যখন প্রশ্নের সঙ্গে উত্তর মিলাতে পারেনি, তখন তারা চরম মানসিক চাপে পড়েছে। অথচ এ ঘটনায় শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ না করে শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষামন্ত্রীর উদ্দেশে হাসনাত বলেন, ‘যাদের আপনি আজ ফার্মের মুরগি বলছেন, সেই তরুণরাই আন্দোলনে নেমেছিল বলেই আপনি আজ এই পদে বসেছেন।’ তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কোনো ‘গিনিপিগ’ নয়। তাদের নিয়ে বারবার নতুন পরীক্ষা-নিরীক্ষা চালানো বন্ধ করতে হবে। নিজের সন্তানদের বিদেশে পড়িয়ে দেশের শিক্ষার্থীদের ওপর নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, ২০২৬ সালের পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ না করলে তারা আবার রাজপথে নামবে এবং তখন সরকারের অবস্থান টিকিয়ে রাখা কঠিন হবে।
স্থানীয় রাজনীতি প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সোনারগাঁয়ে চাঁদাবাজি, অবৈধ গ্যাস সংযোগ এবং নদী-খাল দখল চলছে। শিল্পকারখানা ও চুনা কারখানাগুলো অবৈধভাবে গ্যাস ব্যবহার করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ব্যবসায়ী, হকার ও রিকশাচালকদের বিভিন্নভাবে চাঁদা দিতে হচ্ছে। এই চাঁদাবাজির রাজনীতি আর চলতে দেওয়া হবে না। জনগণের প্রত্যাশার বিরুদ্ধে গেলে জনগণই তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছিল। কিন্তু সরকার গণআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়েও তিনি সরকারের সমালোচনা করেন। তার দাবি, বন্যার সময় পার্বত্য চট্টগ্রামের দায়িত্বশীল একজন প্রতিমন্ত্রী হজে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী অন্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। অথচ জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রামের জন্য বন্যা মোকাবিলায় খুবই সীমিত বরাদ্দ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে সরকারের অবস্থান পরস্পরবিরোধী। তার দাবি, বর্তমান রাজনৈতিক বাস্তবতাও সংবিধানের স্বাভাবিক ধারার বাইরে তৈরি হয়েছে।
সভায় হাসনাত আব্দুল্লাহ আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলামসহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক