জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে আন্দোলন বা গণঅভ্যুত্থানে গুলিবর্ষণে মানুষের প্রাণ ঝরে।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় ফিল্ম আর্কাইভে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি জাতির দায়বদ্ধতা চিরস্থায়ী। “আমরা তাদের ভুলতে পারি না, ভুলবও না। এই জাতি এতটা অকৃতজ্ঞ নয়।” তিনি বলেন, জুলাই আন্দোলনের পর যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে। মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে আবারও আন্দোলনের প্রয়োজন হতে পারে।
তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই না আরেকটি রক্তক্ষয়ী লড়াই হোক। শহীদ আবু সাঈদের মতো আর কোনো তরুণকে বুক পেতে বুলেটের সামনে দাঁড়াতে হোক—এটিও আমরা চাই না। আন্দোলন বা গণঅভ্যুত্থানে গুলিবর্ষণে মানুষের মৃত্যু ঘটুক, এমন বাংলাদেশ আমাদের কাম্য নয়।”
আবু সাঈদের সাহসিকতার কথা উল্লেখ করে ডা. জাহেদ বলেন, তিনি অন্যদের তুলনায় ভিন্ন ছিলেন। কারণ তিনি জেনেশুনেই নিরস্ত্র অবস্থায় বুক পেতে গুলির সামনে দাঁড়িয়েছিলেন। এমন আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষদের প্রসঙ্গে তিনি বলেন, যারা রাজপথে নেমেছিলেন, তারা কেউ ক্ষমতা বা ব্যক্তিগত সুবিধার আশায় আন্দোলনে অংশ নেননি। বরং গ্রেপ্তার, নির্যাতন কিংবা মৃত্যুর ঝুঁকি জেনেই তারা রাজপথে নেমেছিলেন। তাই শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেএসএসএফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বলেন, জুলাই শহীদদের জন্য জীবন দিতে না পারলেও তাদের স্মৃতি সংরক্ষণ এবং পরিবারের পাশে দাঁড়াতে পারাই বড় প্রাপ্তি। তিনি ব্যক্তিগতভাবে মৃত্যুর আগ পর্যন্ত শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
আলোচনা সভায় অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবির বলেন, দেশের বাইরে থেকে পলাতক শক্তি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, প্রযোজক ও পরিচালক হেলাল খান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং জুলাই শহীদ মনিরুল ইসলামের কন্যা রুফাইদা ইসলাম চাদনী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করা কিছু শিল্পীর বক্তব্যে তিনি বিব্রত। তার ভাষায়, একজন প্রকৃত শিল্পীর মধ্যে দেশপ্রেম, বিবেক ও মানবিক চেতনা থাকা জরুরি। তিনি বলেন, দেশের পক্ষে এবং জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে অনেক শিল্পী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার