জুলাই সনদ বাস্তবায়নে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, জুলাই সনদে যেহেতু সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, তাই এটি বাস্তবায়নের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
তিনি বলেন, সংবিধানের প্রচলিত ধারার আংশিক সংশোধন নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থান ও গণভোটের মাধ্যমে দেশের জনগণ একটি মৌলিক সংবিধান সংস্কারের পক্ষে স্পষ্ট জনমত দিয়েছে। এ ঐতিহাসিক রায় উপেক্ষা করে সরকার অন্য পথে অগ্রসর হলে তা অদূরদর্শী সিদ্ধান্ত হবে এবং এর পরিণতি সুখকর হবে না।
আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, জুলাই আন্দোলনের শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানারে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিল। শাহবাগে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়ে দলের নেতাকর্মীরা বৃহৎ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। ১৪৪ ধারা ভঙ্গ করে পুনরায় শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলনে নতুন গতি সঞ্চার করেন বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, ১৮ জুলাই বায়তুল মোকাররমে অনুষ্ঠিত সমাবেশে দলের আমিরের বক্তব্য আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। তার ভাষায়, সেই সময়ের প্রতিবাদী অবস্থান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে এবং শেষ পর্যন্ত আন্দোলন বিজয়ের পথে এগিয়ে যায়। তাই জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সভায় দলের সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, প্রভাষক শফিকুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, আব্দুর রহমান, গোলামুর রহমান আজম, নাজিমুদ্দিন গাজী ও হাফেজ সালাহউদ্দিন।
সভা থেকে আগামী ২৪ জুলাই নগর শুরা অধিবেশন এবং ২৫ জুলাই নগর সম্মেলন সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রথম দর্পণ,ডেস্ক