২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে ফাইনালের রেফারি নিয়োগ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফাইনাল পরিচালনার দায়িত্ব দিয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে। তবে এই নিয়োগের পর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ২০২২ কাতার বিশ্বকাপের একটি তিক্ত স্মৃতি।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন ভিনচিচ। সেটিই এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচে তার একমাত্র দায়িত্ব পালন। সেই কারণেই অনেক সমর্থক তাকে আর্জেন্টিনার জন্য ‘অপয়া’ রেফারি হিসেবে উল্লেখ করছেন।
৪৬ বছর বয়সী স্লাভকো ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন। ইউরোপের অন্যতম অভিজ্ঞ এই ম্যাচ অফিসিয়াল ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও সফলভাবে পরিচালনা করেছেন। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও তিনি একাধিক ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন।
বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। আর চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।
এদিকে ভিনচিচের অতীতের একটি ঘটনাও আবার আলোচনায় এসেছে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশ অভিযানে ভুলবশত তাকে আটক করা হয়েছিল। পরে তদন্তে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় দ্রুত মুক্তি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এরপর থেকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিতভাবেই রেফারিং করে আসছেন।
আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচের আগে রেফারি নিয়োগ নিয়ে আলোচনা থাকলেও, নিরপেক্ষতা ও অভিজ্ঞতার বিবেচনায়ই ফিফা ভিনচিচের ওপর আস্থা রেখেছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স