বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত আদর্শিক মেজাজ ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, দায়িত্বশীলরাই সংগঠনের মূল চালিকাশক্তি বা ‘নিউক্লিয়াস’। তাই শুধু পার্থিব সফলতার জন্য নয়, পরকালীন সফলতার লক্ষ্যেও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকে দলগত দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
শনিবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর শাখার সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সভাপতিত্ব অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর সাবেক দায়িত্বশীলরা আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগ করেছেন। তাদের অনুসৃত পথ অনুসরণ করে বর্তমান দায়িত্বশীলদেরও নিষ্ঠা, আন্তরিকতা ও ত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
সংগঠন পরিচালনায় আনুগত্য ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শ্রম, আরাম-আয়েশ, অর্থ এবং ব্যক্তিগত মতের কোরবানি দিয়ে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জনশক্তি পরিচালনায় দায়িত্বশীলদের নিজেদের আদর্শিক মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মানবজাতিকে মানবকল্যাণে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত এবং পৃথিবীতে তাঁর প্রতিনিধিত্ব বা খেলাফতের দায়িত্ব পালনের জন্য সংগঠিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠন প্রতিষ্ঠা করে একামাতে দ্বীনের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় তারবিয়াত বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা এটিএম মাছুম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী এবং অধ্যাপক ড. আবদুস সামাদ।
শিক্ষাশিবিরে অংশগ্রহণকারী প্রতিনিধিরা কোরআন, বইভিত্তিক পাঠ এবং নির্ধারিত বিভিন্ন বিষয়ে দলীয় আলোচনায় অংশ নেন।

প্রথম দর্পণ,ডেস্ক