বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
রফিকুল ইসলাম মিয়ার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তার কিডনি কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নিউরোলজিক্যাল সমস্যাতেও আক্রান্ত ছিলেন।
আবীর বলেন, রফিকুল ইসলাম মিয়ার বড় ছেলে লন্ডন থেকে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফরিদ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১ জুলাই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসা দেওয়া হলেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত জুন মাসের শেষ সপ্তাহেও অসুস্থ হয়ে তিনি একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
৮৫ বছর বয়সী রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে বিএনপি সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ এবং ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার দুই ছেলে—মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া বর্তমানে বিদেশে বসবাস করছেন। তার সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিক ২০২৫ সালের ২ মার্চ মারা যান।
এদিকে, রফিকুল ইসলাম মিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। তার একান্ত সচিব মোকসেদুর রহমান আবীর বলেন, সবাই যেন তার সুস্থতার জন্য দোয়া করেন।

প্রথম দর্পণ,ডেস্ক