মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ‘ইসলামবিরোধী ষড়যন্ত্র’—খেলাফত মজলিস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ১২:৪৪ দুপুর
  • ৫২৮৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের আলিয়া মাদরাসাগুলোতে ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনাকে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট সার্কুলার প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দেশের সব আলিয়া মাদরাসাকে পৃথক ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে। সার্কুলারে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায় থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) থেকে একজন ছাত্র ও একজন ছাত্রী নিয়ে দল গঠন করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বোর্ডে তালিকা পাঠাতে বলা হয়েছে।

মাওলানা জালালুদ্দীন আহমদের দাবি, এ ধরনের নির্দেশনা ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, আলিয়া মাদরাসাগুলো ইসলামী আদর্শ, শরয়ি বিধান ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। বাস্তবতা বিবেচনা না করে এমন সিদ্ধান্ত গ্রহণ মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

বিবৃতিতে তিনি আরও বলেন, খেলাধুলার নামে মাদরাসার স্বাতন্ত্র্য নষ্ট এবং ইসলামী পরিবেশে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে, যা দেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না।

খেলাফত মজলিসের মহাসচিব অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত ‘ইসলামবিরোধী চক্র’ সক্রিয় রয়েছে। তাদের দাবি, ক্ষমতার পরিবর্তন হলেও ওই চক্র ইসলাম, ইসলামী শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের ভেতরে থাকা এসব উপাদানকে দ্রুত চিহ্নিত করে অপসারণ করা প্রয়োজন। অন্যথায় এ ধরনের উসকানিমূলক সিদ্ধান্তের কারণে জনগণ ও সরকারের মধ্যে অপ্রয়োজনীয় সংঘাত সৃষ্টি হতে পারে, যার দায় সরকারকেই বহন করতে হবে।

বিবৃতির শেষাংশে তিনি বিতর্কিত সার্কুলার অবিলম্বে প্রত্যাহার, মাদরাসাগুলোর ওপর এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বন্ধ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad