দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক পরিস্থিতি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে সম্ভাব্য যেকোনো উগ্রবাদী তৎপরতা ঠেকাতে অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেসের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে কেরানীগঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা এবং মতিঝিলে ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিটিটিসির বিভিন্ন বিভাগ এসব বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে এবং কোনো তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হচ্ছে।
উগ্রবাদ নতুন করে মাথাচাড়া দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, “এ মুহূর্তে দেশের কোথাও উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো আশঙ্কাজনক কোনো লক্ষণ আমরা দেখছি না।”
মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন করে। বর্তমানে বিষয়টি মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় কারা জড়িত কিংবা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জঙ্গিবাদসংক্রান্ত গ্রেপ্তার ও মামলার অগ্রগতির বিষয়েও প্রশ্ন ওঠে। জবাবে সিটিটিসি প্রধান জানান, গ্রেপ্তারের বিস্তারিত পরিসংখ্যান পরে জানানো হবে। তবে বহুল আলোচিত ‘পাতা কমব্যাট’ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং তথ্য বিশ্লেষণ কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ