এমপির বাড়িতে যাতায়াতের জন্য শতবর্ষী স্কুল মাঠে রাস্তা নির্মাণের অভিযোগ, বুড়িচংয়ে তীব্র বিতর্ক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০২:২৫ দুপুর
  • ৩৭৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কুমিল্লার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মাঠ উন্নয়ন ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের আড়ালে মাঠের পশ্চিম পাশ দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের বাড়িতে সহজ যাতায়াত নিশ্চিত করতেই এ রাস্তা নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের মাঠের অংশে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শত বছরেরও বেশি পুরোনো এ মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার স্থান নয়; দীর্ঘদিন ধরে পৌরবাসীর ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। এখান থেকে জাতীয় পর্যায়ের একাধিক ক্রীড়াবিদও গড়ে উঠেছেন। মাঠের একটি অংশ রাস্তা নির্মাণের কারণে সংকুচিত হয়ে পড়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাঠে ওয়াকওয়ে ও সীমানাপ্রাচীর নির্মাণের অনুমতি চেয়ে গত ১১ জুন শিক্ষা সচিবের কাছে আবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা জবাব পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা না করেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠের পশ্চিম পাশে রাস্তা নির্মাণের কাজ শেষ করেছে। এতে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের বাউন্ডারিবেষ্টিত জমি এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খাঁনের বাড়ি অবস্থিত। স্থানীয়দের ভাষ্য, মাঠের পশ্চিম পাশে প্রায় ৮ থেকে ৯ ফুট প্রশস্ত যে রাস্তা নির্মাণ করা হয়েছে, সেটি মূলত সংসদ সদস্যের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে তৈরি করা হয়েছে।

এ ছাড়া ওয়াকওয়ে নির্মাণের কারণে মাঠের চারপাশ থেকে প্রায় ১৫ ফুট করে জায়গা কমে যাওয়ায় মাঠের পরিসরও আগের তুলনায় ছোট হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয় সূত্র আরও জানায়, গত বছর মাঠের পশ্চিম পাশে সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে মাঠের দক্ষিণ ও পূর্ব পাশে সীমানাপ্রাচীর নির্মাণ চলছে। এতে বুড়িচং পৌরসভার গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি আরও সংকুচিত হয়ে পড়ছে। ইতোমধ্যে দুটি ছোট যানবাহনের পাশাপাশি চলাচলও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের মতে, বুড়িচং বাজারে যানজট সৃষ্টি হলে বিকল্প পথ হিসেবে এ বাইপাস সড়ক ব্যবহৃত হয়। সড়কটি আরও সরু হয়ে গেলে ভবিষ্যতে জরুরি সেবা ও সাধারণ যান চলাচলে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সচেতন মহল শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া বিদ্যালয়ের মাঠে রাস্তা নির্মাণের বৈধতা, মাঠের প্রকৃত সীমানা এবং প্রকল্প বাস্তবায়নে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না—এসব বিষয় তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। এটি সরকারি জায়গা। গত মাসে নিয়ম অনুযায়ী শিক্ষা সচিবের কাছে চিঠি দিয়েছি। এখনো কোনো জবাব পাইনি। পৌরসভার লোকজন কাজ করছেন। কোথায় বাউন্ডারি হচ্ছে, কোথায় ওয়াকওয়ে হচ্ছে—এসব বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “এলাকার সচেতন মানুষের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, “মাঠের চারপাশে মানুষের হাঁটার সুবিধার্থে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। মাঠের কোনো ক্ষতি করা হয়নি। আমি জনগণের কল্যাণে কাজ করি।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad