ইরানকে আলোচনায় ফেরাতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ, ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০২:২৬ দুপুর
  • ৩৬৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসেবে ইরানের শীর্ষ আলোচকদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

সোমবার রাতে টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এ সময় তিনি আরাগচিকে ‘যত দ্রুত সম্ভব’ ইসলামাবাদ সফরের আহ্বান জানান।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও ইরানের প্রধান আলোচক বাকের গালিবাফকে চলতি সপ্তাহে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

তবে পাকিস্তানের এই আমন্ত্রণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। সম্ভাব্য বৈঠক কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়েও কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়নি।

ইরান বরাবরই দাবি করে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

আনাদোলুর সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য বৈঠকের সময় ও স্থান নির্ধারণে পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন।

এর আগে গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাকিস্তান। এছাড়া জুন মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনেও ইসলামাবাদ মধ্যস্থতার দায়িত্ব পালন করে। যদিও শেষ পর্যন্ত সেই সমঝোতা বাস্তবায়িত হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad