অবসরেও থামেনি অভিনয়, পরিবার ও শিল্পচর্চায় ব্যস্ত রহমত আলী-জলি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৭ দুপুর
  • ৭৪২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিক্ষকতা ও অভিনয়—দুই অঙ্গনেই নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন অধ্যাপক রহমত আলী ও অধ্যাপক ওয়াহীদা মল্লিক জলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা শেষে কয়েক বছর আগে অবসরে গেলেও শিল্পচর্চা থেকে দূরে সরে যাননি এই নাট্যদম্পতি। বরং অবসর জীবনকে নিজেদের মতো করে উপভোগ করছেন তারা।

সম্প্রতি গুণী নির্মাতা সালাহ উদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক নাটক ‘ফুল গাও’-এ একসঙ্গে অভিনয় করেছেন রহমত আলী ও ওয়াহীদা মল্লিক জলি। নাটকটিতে তারা দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ধারাবাহিকটি বর্তমানে সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। তবে এই কাজের বাইরে আপাতত নতুন কোনো নাটকে দেখা যাচ্ছে না তাদের।

দীর্ঘদিন নিয়মিত নাটকে না থাকায় তাদের অভিনয় থেকে দূরে সরে যাওয়ার নানা আলোচনা তৈরি হয়েছিল। কেউ কেউ মনে করেছিলেন, অসুস্থতা কিংবা অনিচ্ছার কারণে তারা নাট্যাঙ্গন থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। তবে এমন ধারণা নাকচ করে দিয়েছেন এই শিল্পী দম্পতি।

বিশ্ববিদ্যালয়ের কর্মব্যস্ত জীবন শেষ করে বর্তমানে রাজধানীর উত্তরায় নিজেদের বাসভবনে বেশ শান্তিতেই সময় কাটছে তাদের। তাদের দুই ছেলে প্রবাসে থাকলেও বর্তমানে ছুটি কাটাতে দেশে এসেছেন। সন্তানদের সান্নিধ্যে এখন পারিবারিক আনন্দে মুখর তাদের ঘর।

অভিনয়ে ফেরার বিষয়ে রহমত আলী জানান, অবসরকে তিনি প্রচলিত অর্থে ‘অবসর’ হিসেবে দেখেন না। এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দায়িত্ব পালন করেন এবং অ্যাকাডেমিক সেশনে আলোচনায় অংশ নেন। পাশাপাশি লেখালেখি, অভিনয় ও বিজ্ঞাপনের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটছে তার।

রহমত আলী বলেন, ‘আমি অবসরটাকে প্রথাগত অবসর বলতে চাই না। এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিই, অ্যাকাডেমিক সেশনে আলোচনা করি—সেই অর্থে শিক্ষকতা থেকে পুরোপুরি দূরে নই। এর পাশাপাশি লেখালেখি, অভিনয় ও বিজ্ঞাপনের কাজ মিলিয়ে সময়টা বেশ চমৎকার কেটে যাচ্ছে।’

অন্যদিকে ওয়াহীদা মল্লিক জলি ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন শিক্ষকতা ও অভিনয়ের ব্যস্ততার কারণে নিজেদের জন্য আলাদা সময় বের করা কঠিন ছিল বলে জানান তিনি। অবসরের পর সেই সময়টুকু এখন নিজের মতো করে উপভোগ করছেন।

জলি বলেন, ‘শিক্ষকতা থেকে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। শিক্ষকতা ও অভিনয়ের ব্যস্ততায় এতদিন নিজেদের জন্য আলাদা সময় বের করা বেশ কঠিন ছিল। এখন সেই অবসর সময়টাই মন ভরে উপভোগ করছি।’

বর্তমানে নিয়মিত বই পড়া, ভালো সিনেমা দেখা এবং স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার মধ্য দিয়ে সময় কাটছে তার। পাশাপাশি মানসম্মত কাজের প্রস্তাব পেলে অভিনয়েও অংশ নিচ্ছেন। সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপনে মডেলিংয়ের পাশাপাশি ‘ফুল গাও’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

জলি আরও বলেন, ‘ভালো গল্প ও চিত্রনাট্য পেলে নিয়মিত অভিনয় চালিয়ে যাব।’

অর্থাৎ, বয়স কিংবা অবসর—কোনোটিই এই শিল্পী দম্পতির অভিনয়ের প্রতি ভালোবাসায় ছেদ ফেলেনি। পছন্দের গল্প ও মানসম্মত কাজের অপেক্ষায় থেকে পরিবার, লেখালেখি ও শিল্পচর্চার মধ্য দিয়েই নিজেদের সময়কে উপভোগ করছেন রহমত আলী ও ওয়াহীদা মল্লিক জলি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad