ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদ করতে যাওয়া মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বুধবার এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ নিন্দা জানান। তিনি ঘটনাটিকে ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা’ হিসেবে উল্লেখ করে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পরীক্ষার্থী শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে সেখানে যায়নি। পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ অথবা শব্দ কমানোর অনুরোধ জানাতেই তারা সেখানে গিয়েছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ নির্বিচারে লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করে। এতে কিশোর ও শিশুসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ প্রশাসনের ভেতরে বিগত ফ্যাসিবাদী শাসনের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
খেলাফত মজলিসের মহাসচিব ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ লাইনের ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক