সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া গতির ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (—) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে ডাম্প ট্রাকের এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে রায়গঞ্জ উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালুবাহী ১০ চাকার ডাম্প ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় ডাম্প ট্রাকটির হেলপার রায়হান গাড়ি চালাচ্ছিলেন এবং চালক ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
এতে ডাম্প ট্রাকে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম মারা যান। আহত রায়হান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার