চাঁদা আমি নিলে আমার হাতেও হ্যান্ডকাপ পরান: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এত বড় একটা বিপ্লবের পরও এখনো চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না। চাঁদা আমি নিলে আমার হাতেও হ্যান্ডকাপ পরান। আমরা এই সংসদ থেকে শপথ নিই, আমরা তাদের এই বাংলাদেশ থেকে নির্মূল করবো।’
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ফকিরের ভিক্ষা দেওয়া হয়। সেখানে অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে।’ একই সঙ্গে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ পরিচালনায় যারা ছিল, তারা সততার সঙ্গে কাজ করলে দেশ ৫৪ বছরে আরও এগিয়ে যেতো। ক্ষমতায় যারা থাকেন—ফেরেশতার মতো আচরণ করেন। অন্যের দোষ দেখতে পান কিন্তু নিজের দোষ দেখতে পান না।’
তিস্তা প্রকল্প নিয়ে তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি দ্রুত দেখতে চাই। কারো চোখ রাঙানি আমরা পরোয়ানা করি না। তিস্তা মহাপরিকল্পনার কথা শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত। তারা আর কথা শুনতে চায় না, তারা পদক্ষেপ দেখতে চায়। তাদের মতো এত দুর্ভাগা মানুষ আর কোথাও দেখি নাই।’
নিজের আসনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘মিরপুর দেখে মনে হয় এটা রাজধানীর ছিটমহল। ছোট্ট একটা এলাকা, দুটি খাল, রাস্তার ওপর ময়লার ভাগাড়। দুই মাসে এসব হবে... সেটা আসা করি না। তবে যারা বিশ্বাস করে এখানে পাঠিয়েছে তাদের কথা সংসদে বলছি।’
জামায়াত আমির বলেন, ‘যতদিন সংবিধান আছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন করতে পারি, কিন্তু বিদ্রোহ করবো না। সরকারি দলের অনেকে ৭২-এর সংবিধানকে সম্মান করেন। এটি করতে পারেন না। কারণ ৭২-এর সংবিধান পরিবর্তন করে গেছেন জিয়াউর রহমান।’
পররাষ্ট্রনীতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের সীমাহীন বন্ধু দরকার আছে, কিন্তু একজনও প্রভুর দরকার নেই। আমাদের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত।’

প্রথম দর্পণ,ডেস্ক