আরাফাতের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ আল-হুযাইফি
আসন্ন পবিত্র হজে আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি। আগামী ৯ জিলহজ তিনি এই গুরুত্বপূর্ণ খুতবা দেবেন।
এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। হারামাইনভিত্তিক সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাইন এ তথ্য জানিয়েছে।
১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা অঞ্চলে জন্মগ্রহণ করেন শায়খ আল-হুযাইফি। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববী-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি মসজিদুল হারাম-এ তারাবির নামাজে ইমামতি করেছেন এবং কুবা মসজিদ-এও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। সুমধুর কুরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদৃত।
হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে আরাফাতের দিনের খুতবা বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজির জন্য এ খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

প্রথম দর্পণ,ডেস্ক