পুলিশ ও বিচার বিভাগকে দলীয় এজেন্ডায় ব্যবহার করছে সরকার’ ; হাসনাত আবদুল্লাহ ‘

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পুলিশ ও বিচার বিভাগকে দলীয় এজেন্ডায় ব্যবহার করছে সরকার’ ; হাসনাত আবদুল্লাহ ‘

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, আওয়ামী লীগের মতোই প্রশাসনকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানানোর চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকাশ্যে দলীয় সমর্থকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “জেলা আদালতগুলোতে কী রায় হবে, কে জামিন পাবে—এসব বিষয়ও কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

সরকারকে সতর্ক করে তিনি বলেন, “আওয়ামী লীগ প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দলীয়করণের কারণে জনরোষের মুখে পড়েছিল। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা যখন নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ তা উপভোগ করছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি কাম্য ছিল না।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ। পরে পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রোববার গ্রেপ্তার হন তারেক রেজা। পরে সোমবার সকালে আদালত থেকে জামিন পেয়ে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad