জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী জানান, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা শেরেবাংলানগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
তিনি আরও জানান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে। রাজধানীর বিভিন্ন এলাকাসহ সারা দেশেই এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং সম্ভাব্য ‘ষড়যন্ত্র’ প্রসঙ্গেও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, সরকারের সমালোচনা বা ভুলত্রুটি তুলে ধরা যেতে পারে, তবে চক্রান্ত ও অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।
রুহুল কবির রিজভী বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা থেকে শুরু করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রেও তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন।”

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক