‘জামায়াতকে ঘিরে রিজভীর বক্তব্য অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যকে ‘অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। এর আগে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীর ঐতিহ্যবাহী ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে রিজভীর দেওয়া বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, দলের সদস্যদের কাছ থেকে নেওয়া ‘ইয়ানত’ কোনো ধরনের চাঁদাবাজি নয়; বরং এটি একটি স্বেচ্ছামূলক সাংগঠনিক অনুদান।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কর্মীরা স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে প্রতি মাসে সংগঠনের তহবিলে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করেন। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কর্মীদের আত্মত্যাগের অংশ। এ ব্যবস্থাকে ‘হাদিয়াবাজি’ বা ‘ইয়ানতবাজি’ হিসেবে আখ্যায়িত করে রিজভী ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ও রাজনৈতিক শিষ্টাচারকে আঘাত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
জুবায়ের আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার প্রভাব খাটিয়ে বা জোরপূর্বক কারও কাছ থেকে অর্থ আদায় করে না। তিনি দাবি করেন, দলটি সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয় এবং কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে এবং নিজেদের সাংগঠনিক সংকট আড়াল করতেই বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বিএনপির মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে রুহুল কবির রিজভীকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক