ইসলামী আলোচক ও জামায়াত নেতা মুফতি আলী হাসান উসামা বলেছেন, প্রতিষ্ঠাতা চিন্তাবিদ আবুল আ'লা মওদুদীর তাত্ত্বিক ভিত্তি থেকে জামায়াত যত দূরে সরে যাবে, দল তত বেশি সাংগঠনিক ও আদর্শিক চ্যালেঞ্জের মুখে পড়বে।
সোমবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মুফতি উসামা বলেন, মওদুদীর রচিত গ্রন্থ ও চিন্তাধারার যথাযথ মূল্যায়ন প্রয়োজন। তিনি দাবি করেন, সংগঠনের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত কয়েকটি গ্রন্থ মূল লেখার সঙ্গে মিলিয়ে দেখার সময় অনুবাদগত কিছু অসঙ্গতি তার নজরে এসেছে।
তিনি বলেন, “অনেক ক্ষেত্রে মূল লেখক যে অর্থ বা বক্তব্য তুলে ধরতে চেয়েছেন, অনুবাদে তার ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। ফলে পাঠকের কাছে লেখকের প্রকৃত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপিত হওয়ার আশঙ্কা থাকে।”
অনুবাদগত ত্রুটির দায় মূল লেখকের ওপর চাপানো উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, “মানুষের কাজের মধ্যে ভুল-ত্রুটি থাকতেই পারে। তবে অনুবাদকের সীমাবদ্ধতা বা ভুলের দায় লেখকের ওপর আরোপ করা ন্যায়সংগত নয়। অনেক সময় এমনটি করা হলে মূল লেখকের প্রতি অবিচার করা হয়।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইসলামী চিন্তাচর্চা, আদর্শিক শিক্ষা এবং সংগঠনের মৌলিক দর্শন সম্পর্কে গুরুত্বারোপ করেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক