জাতীয় সাহিত্য একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস, ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও সম্মিলিত চেতনাকে ধারণ করে। আর গণসাহিত্য সেই জাতির সাধারণ মানুষের জীবন, শ্রম, বঞ্চনা, সংগ্রাম, স্বপ্ন ও প্রতিবাদকে সাহিত্যের বিষয় করে তোলে। ফলে জাতীয় সাহিত্য ও গণসাহিত্য পরস্পরবিরোধী নয়; বরং একটি অন্যটির পরিপূরক।
আবুল মনসুর আহমদ তাঁর বাংলাদেশের কালচার গ্রন্থের ‘বিভাগ-পূর্ব বাংলা সাহিত্য’ প্রবন্ধে উল্লেখ করেছেন, বিভাগ-পূর্ব বাংলার সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় সাহিত্য সৃষ্টি করেছিলেন। তাঁদের সাহিত্যচর্চার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মনোজ বসুসহ অনেকে গণসাহিত্য সৃষ্টির পর্যায়ে পৌঁছান।
একই গ্রন্থের ‘আমাদের জাতীয় সাহিত্য’ প্রবন্ধে আবুল মনসুর আহমদ বলেন, জাতীয় জীবনকে রূপায়ণের মধ্য দিয়ে গণজীবনকে রূপায়ণের যে ঐতিহাসিক প্রক্রিয়া, তা সাহিত্যে অবশ্যম্ভাবীভাবে বিকশিত হবে।
জাতীয় সাহিত্য কী
বাংলাদেশের জাতীয় সাহিত্য বলতে এমন সাহিত্যকে বোঝায়, যেখানে জাতির আত্মপরিচয়, ইতিহাস, সংগ্রাম, ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এটি শুধু শিল্প-সৌন্দর্যের প্রকাশ নয়; একটি জাতির সম্মিলিত চেতনারও শিল্পরূপ।
বাংলা ভাষা, লোকঐতিহ্য, সংগীত, নদী-প্রকৃতি, কৃষিনির্ভর সমাজ এবং তৃণমূলের মানুষের জীবন জাতীয় সাহিত্যের অন্যতম ভিত্তি। বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ, ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন, ১৯৪৭ সালের দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লব—বাংলার জাতীয় সাহিত্যকে এসব ঐতিহাসিক ঘটনা ও গণআন্দোলন গভীরভাবে প্রভাবিত করেছে।
এসব ঘটনা ও আন্দোলনকে কেন্দ্র করে রচিত হয়েছে অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, নাটক, স্মৃতিকথা, চলচ্চিত্র ও গান। এসব সৃষ্টিকর্ম জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করেছে।
জাতীয় সাহিত্য শুধু অভিজাত শ্রেণির চিন্তা ও জীবনকে ধারণ করে না। সাধারণ মানুষের জীবন, সংগ্রাম, দুঃখ-বেদনা, প্রেম, লোকবিশ্বাস, প্রতিবাদ ও স্বপ্নও এর গুরুত্বপূর্ণ উপাদান। ন্যায়, সাম্য, মুক্তচিন্তা, মানবিক সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয় সাহিত্যকে দেশীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও মর্যাদা এনে দেয়।
কবিতায় জাতীয় চেতনার প্রকাশ
বাংলাদেশের জাতীয় সাহিত্য নির্মাণে কবিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসমাঈল হোসেন সিরাজীর পর কাজী নজরুল ইসলাম বিদ্রোহ, সাম্য, মানবমুক্তি ও অসাম্প্রদায়িক চেতনার কণ্ঠস্বর হিসেবে জাতীয় সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন।
শামসুর রাহমান পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদী আকাঙ্ক্ষাকে আধুনিক কাব্যভাষায় তুলে ধরেছেন। আল মাহমুদ বাংলাদেশের ইতিহাস, আবহমান বাংলা, ভাষা, ঐতিহ্য ও জাতীয় চেতনাকে স্বতন্ত্র কাব্যভাষায় রূপ দিয়েছেন।
কথাসাহিত্যেও জাতীয় সাহিত্য সমৃদ্ধ হয়েছে। মীর মশাররফ হোসেন, নাজিবুর রহমান সাহিত্যরত্ন, মাহবুব-উল-আলম, কাজী ইমদাদুল হক, শওকত ওসমান, শাহেদ আলী, সৈয়দ ওয়ালীউল্লাহ ও জহির রায়হান তাঁদের রচনায় সমাজবাস্তবতা, রাষ্ট্রচেতনা ও মানুষের অস্তিত্বসংকট তুলে ধরেছেন।
স্বাধীনতা-উত্তর সময়ে আহমদ ছফা, আল মাহমুদ, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, হুমায়ূন আহমেদ ও শফিউদ্দিন সরদারসহ বিভিন্ন লেখক বাংলাদেশের সমাজ, ইতিহাস ও মানুষের বহুমাত্রিক জীবনকে সাহিত্যে ধারণ করেছেন।
এ ছাড়া আবু ইসহাক, অদ্বৈত মল্লবর্মণ ও মতিউর রহমানের মতো কথাসাহিত্যিকেরা তৃণমূলের মানুষের জীবন, সংগ্রাম ও বাস্তবতাকে শিল্পসম্মতভাবে উপস্থাপন করে জাতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
গণসাহিত্যের বৈশিষ্ট্য
গণসাহিত্য বলতে সাধারণ মানুষের জীবন, শ্রম, বঞ্চনা, স্বপ্ন, সংগ্রাম ও প্রতিবাদকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে বোঝায়। বৃহত্তর জনসমাজের ভাষা, অভিজ্ঞতা ও স্বার্থ এর মূল উপজীব্য।
গ্রাম, মফস্বল, শ্রমজীবী মানুষ, কৃষক, মজুর এবং সমাজের উপেক্ষিত জনগোষ্ঠীর জীবন গণসাহিত্যের অন্যতম প্রধান বিষয়। অন্যায়, বৈষম্য, শোষণ, সামন্তবাদ, কুসংস্কার, দুর্নীতি ও রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাও এতে উঠে আসে।
গণসাহিত্য সাধারণত সহজ, প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ ভাষায় মানুষের কাছে পৌঁছায়। ফলে পাঠক নিজের জীবন, সমাজ ও সময়ের প্রতিচ্ছবি এতে দেখতে পান। এই সাহিত্য শুধু মানুষের দুঃখ-কষ্টের বর্ণনা দেয় না; বরং মানুষকে সচেতন করে, প্রশ্ন করতে শেখায় এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে।
আহমদ শরীফের চিন্তায়, মানুষের ভাগ্য অনেকাংশে মানুষের কর্ম, বিবেক ও সামাজিক দায়িত্ববোধের ওপর নির্ভরশীল। মানুষের লোভ, স্বার্থপরতা ও অমানবিক আচরণই বহু দুর্ভোগের কারণ। তাই শোষণ, পীড়ন ও বঞ্চনার বিরুদ্ধে মানুষকে সংগ্রাম করতে হয়। সাহিত্যিকও তাঁর সৃজনশীলতার মাধ্যমে মানুষকে আরও বিবেকবান, সংবেদনশীল ও পরিণামদর্শী হওয়ার আহ্বান জানান।
গণসাহিত্যের ঐতিহ্য
বাংলা গণসাহিত্যের শিকড় প্রোথিত রয়েছে দীর্ঘদিনের গ্রামীণ ও লোকসাহিত্যধারায়। চর্যাপদ, মঙ্গলকাব্য, রসুল কাব্য, পীর সাহিত্য, সুফি সাহিত্য, বৈষ্ণব পদাবলি, পুঁথি সাহিত্য, পালাগান, জারি, সারি, মুর্শিদি ও মারেফতি গান, পল্লিগাথা এবং পল্লিসংগীতে সাধারণ মানুষের জীবন, বিশ্বাস, শ্রম ও সংস্কৃতির যে প্রকাশ ঘটেছে, তা পরবর্তী গণমুখী সাহিত্যচর্চার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে আধুনিক অর্থে গণসাহিত্য একটি স্বতন্ত্র সাহিত্যধারা হিসেবে উনিশ ও বিশ শতকের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিকশিত হয়েছে।
গণসাহিত্য কোনো নির্দিষ্ট শ্রেণির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর সাহিত্য নয়। এর মূল লক্ষ্য মানবমুক্তি, সামাজিক ন্যায়বিচার, মানুষের মর্যাদা ও সহমর্মিতা প্রতিষ্ঠা। মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সমাজকে আরও মানবিক করে গড়ে তোলার প্রত্যয়ই এর অন্যতম শক্তি।
একই সাংস্কৃতিক প্রবাহের দুই ধারা
জাতীয় সাহিত্য ও গণসাহিত্যকে তাই আলাদা করে দেখার সুযোগ নেই। জাতীয় সাহিত্য একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও সম্মিলিত চেতনাকে ধারণ করে; অন্যদিকে গণসাহিত্য সেই জাতীয় জীবনের মাটি ও মানুষের শ্রম, বেদনা, সংগ্রাম ও স্বপ্নকে শিল্পরূপ দেয়।
আবুল মনসুর আহমদের বক্তব্যের আলোকে বলা যায়, জাতীয় জীবনকে রূপায়ণের মধ্য দিয়েই গণজীবনের রূপায়ণ সম্ভব। জাতীয় সাহিত্য যখন একটি জাতির সামগ্রিক পরিচয় নির্মাণ করে, তখন গণসাহিত্য সেই পরিচয়কে সাধারণ মানুষের জীবন-বাস্তবতার সঙ্গে যুক্ত করে পূর্ণতা দেয়।
বিশ্বায়ন, প্রযুক্তিনির্ভর জীবনব্যবস্থা ও দ্রুত পরিবর্তিত সামাজিক বাস্তবতার এই সময়ে জাতীয় সাহিত্য ও গণসাহিত্য—উভয়ের প্রয়োজন আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। একটি জাতির সাহিত্য তখনই সত্যিকার অর্থে সমৃদ্ধ হয়ে ওঠে, যখন সেখানে জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক স্মৃতির পাশাপাশি সাধারণ মানুষের জীবনসংগ্রাম, স্বপ্ন, বঞ্চনা ও সম্ভাবনাও সমান গুরুত্ব পায়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার