রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় চিকিৎসক-নার্সদের বিশেষ প্রশিক্ষণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ রাত
  • ৩৪১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাসায়নিক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‘কেমিক্যাল ইনসিডেন্ট প্রিপেয়ার্ডনেস ফর হসপিটালস (এইচওএসপিআরইপি)’ শীর্ষক এ প্রশিক্ষণ গত ৩০ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাসায়নিক শিল্পাঞ্চলের আশপাশে অবস্থিত সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ব্যবস্থাপনায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোট ৭৬ জন অংশ নেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কার্যকর চিকিৎসাসেবা দেওয়ার জন্য হাসপাতালগুলোর প্রস্তুতি, সক্ষমতা ও দক্ষতা বাড়ানো।

দুই দিনের প্রশিক্ষণে রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় হাসপাতালের জরুরি ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক পদার্থে দূষিত ব্যক্তিদের দূষণমুক্ত করার (ডিকন্টামিনেশন) পদ্ধতি এবং আক্রান্তদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ ছাড়া দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যাতে নিজেরাই রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে দ্বিতীয়বার দূষিত না হন, সে বিষয়েও প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad