শিক্ষার মান যাচাইয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ দুপুর
  • ৮৫৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী স্কুলসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষা সচিব বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনার অগ্রগতি, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার মান এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের কাছ থেকে পাঠদান পদ্ধতি ও শিক্ষা কার্যক্রম নিয়ে মতামতও শোনেন তিনি।

পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন আবদুল খালেক। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও পাঠদানের মান পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

বাস্তব পাঠদানের মান যাচাইয়ে গুরুত্ব

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রকৃত শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান সরাসরি পর্যবেক্ষণের অংশ হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। কেবল কাগজে-কলমে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নয়, শ্রেণিকক্ষে বাস্তবে কীভাবে পাঠদান হচ্ছে এবং শিক্ষার্থীরা কতটা মানসম্মত শিক্ষা পাচ্ছে, তা যাচাই করাই এসব পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।

১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বাস চালুর উদ্যোগ

এদিকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বাস চালুর উদ্যোগ নিয়েও কাজ করছেন শিক্ষা সচিব আবদুল খালেক।

সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা বাড়বে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতা ও সড়কে যাতায়াতজনিত ভোগান্তি কমবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন এবং শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করার উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের তদারকি জোরদারের চেষ্টা চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad