সৌদিতে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে চলতি বছরের প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ মে) মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হজ অফিস সূত্রে জানা যায়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমেও হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। এবারের হজ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে মোট ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
এর আগে গত ১৭ এপ্রিল রাতে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সৌদি আরবে ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় ইন্তেকাল করেন।
হজযাত্রীদের চিকিৎসাসেবায় নিয়োজিত বাংলাদেশি মেডিকেল টিম শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজার ২৮৮ জন হজযাত্রী ডিজিটাল ও তথ্যগত সহায়তা পেয়েছেন।
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ঢাকাগামী ফিরতি হজ ফ্লাইট শুরু হবে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

প্রথম দর্পণ,ডেস্ক