জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা এবং মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্যানভাস ২৪ : মুক্তির মহাকাব্য’ শীর্ষক আর্টক্যাম্প। শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে অংশ নিয়েছেন দেশের ৫৫ জন বরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পী।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অতীতে সংঘটিত অনিয়ম ও অবিচারের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সেই উপলব্ধি থেকেই জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে উপজীব্য করে এই তিন দিনব্যাপী আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারী শিল্পীদের তুলিতে জুলাইয়ের ঐতিহাসিক স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিল্পকলা একাডেমির এ ধরনের আয়োজনের মাধ্যমে শিল্পের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাওয়া হচ্ছে, তা সবার কাছে বোধগম্য হওয়া জরুরি। বিশেষ করে নবীন শিল্পীরা যেন খ্যাতিমান শিল্পীদের কাজ কাছ থেকে দেখে অনুপ্রাণিত হতে পারেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ৫৫ জন শিল্পীকে নিয়ে এ আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে আঁকা শিল্পকর্ম নিয়ে পরবর্তীতে জাতীয় পর্যায়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানান তিনি।
আগামী ১৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আর্টক্যাম্প। এতে অংশগ্রহণকারী শিল্পীরা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, গণমানুষের সংগ্রাম এবং মুক্তির আকাঙ্ক্ষাকে ক্যানভাসে শিল্পরূপে তুলে ধরবেন।

প্রথম দর্পণ,ডেস্ক