শাহরুখের নামে ভাইরাল ‘সমর্থনের বার্তা’—যাচাইয়ে মিলল ভুয়া স্ক্রিনশটের প্রমাণ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০২:৩৭ দুপুর
  • ১৩৩৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খান সমর্থন জানিয়েছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ভুয়া এবং শাহরুখ খান তার কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কোনো বক্তব্য দেননি।

ভাইরাল স্ক্রিনশটে দাবি করা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শাহরুখ খান লিখেছেন—বই, কলম ও কণ্ঠস্বরই প্রকৃত শক্তি; এই আন্দোলন শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং একটি স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থার দাবিতে। সেখানে আরও উল্লেখ করা হয়, তিনি মানসিকভাবে শিক্ষার্থীদের পাশে রয়েছেন।

স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেন, চলমান ইস্যুতে দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে মুখ খুলেছেন বলিউডের ‘বাদশা’।

তবে অনুসন্ধানে জানা যায়, শাহরুখ খানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট নেই। মূলত তার নামে পরিচালিত একটি অনুরাগী (ফ্যান) পেজে আন্দোলন-সংক্রান্ত কিছু পোস্ট শেয়ার করা হয়েছিল। সেখান থেকেই বিভ্রান্তির সূত্রপাত হয়। বাস্তবে দিল্লির চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখ খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী অংশ নেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি ইতোমধ্যে ভারতের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা প্রকাশ্যে সংহতি জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। তারা কেউ রাজপথে উপস্থিত থেকে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

সূত্র: মিন্ট




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad