বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া ছবিটি ইতোমধ্যে প্রায় ৩৯০ মিলিয়ন ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা।
বাংলাদেশেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫০টির বেশি প্রদর্শনী চলছে। মুক্তির প্রথম সপ্তাহেই দেশের বাজার থেকে প্রায় দুই কোটি টাকা আয় করেছে ছবিটি।
প্রায় তিন হাজার বছর আগে গ্রিক কবি হোমার রচিত বিশ্বখ্যাত মহাকাব্য ‘দ্য অডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে মূল কাহিনিকে হুবহু পর্দায় না তুলে নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীতে গল্পটি নতুনভাবে উপস্থাপন করেছেন ক্রিস্টোফার নোলান। মূল কাহিনির গুরুত্বপূর্ণ অংশ অক্ষুণ্ন রেখে প্রধান চরিত্র ওডেসিয়াসকে আরও মানবিক ও আবেগঘনভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
সিনেমার কাহিনিতে দেখা যায়, ট্রোজান যুদ্ধ শেষ হওয়ার আট বছর পরও ইথাকার রাজা ওডেসিয়াস নিজের রাজ্যে ফিরতে পারেননি। এদিকে তার স্ত্রী পেনেলোপ দীর্ঘদিন ধরে স্বামীর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন। বাবাকে না দেখেই বড় হয়ে ওঠে তাদের ছেলে। রাজপ্রাসাদে একের পর এক পাত্রের আগমন ঘটলেও পেনেলোপ বিশ্বাস করেন, একদিন না একদিন ওডেসিয়াস ফিরে আসবেন।
গল্পের এক পর্যায়ে দূর এক দ্বীপে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন ওডেসিয়াস। কীভাবে তিনি সেখানে পৌঁছালেন এবং কেন এত বছরেও নিজ রাজ্যে ফিরতে পারলেন না—সেই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় পুরো সিনেমাজুড়ে। পাশাপাশি পৌরাণিক নানা চরিত্র ও রোমাঞ্চকর ঘটনার সংযোজনে এগিয়ে যায় কাহিনি।
ছবিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। পেনেলোপের ভূমিকায় রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং ওডেসিয়াসের ছেলে তেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন ও লুপিতা নিয়োঙ্গো।
প্রায় তিন ঘণ্টার এ সিনেমায় বর্তমান, অতীত ও স্মৃতির বিভিন্ন স্তরকে একসঙ্গে মিশিয়ে গল্প এগিয়ে নিয়েছেন নোলান। সময়ের ভিন্ন ভিন্ন ধাপের এই নির্মাণশৈলী শেষ পর্যন্ত দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।
কারিগরি দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ ৭০ মিলিমিটার আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। বিশাল পর্দায় সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য, আলো-ছায়ার ব্যবহার এবং আবহসংগীত দর্শকদের জন্য ভিন্নমাত্রার সিনেমা দেখার অভিজ্ঞতা তৈরি করেছে।
তবে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও রয়েছে। অনেকের মতে, প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এ চলচ্চিত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনার জন্য আরও কিছু সময় বরাদ্দ দেওয়া যেতে পারত। এছাড়া বড় তারকাবহর থাকা সত্ত্বেও কয়েকজন অভিনয়শিল্পীর উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত বলেও মত দিয়েছেন সমালোচকরা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স